নদীতে ডুবে নিখোঁজ: বোনের পরে ভাইয়ের লাশ উদ্ধার

ফরিদপুরের চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীর পানিতে ডুবে নিখোঁজ ভাই-বোনের মধ্যে বোনের লাশ উদ্ধারের ১৬ ঘন্টা পর তার ভাই তামিম হোসেন (১০) এর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আব্দুল শিকদারের ডাঙ্গী আমিরের ব্রীজ সংলগ্ন লোহারটেক কোল ভুবেনশ্বর নদী থেকে তার লাশটি উদ্ধার করেছে স্থানীয় আব্দুল খালেক নামের এক ডুবুরী।

আজ যোহরের নামাজ শেষ আব্দুল শিকদারের ডাঙ্গী মাদ্রাসার কবর স্থানে তাদের দাফন করা হয়েছে বলে জানায় পরিবারের সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইমদাদুল হক তালুকদার জানান, দুই ভাই বোনের মৃত্যুর ঘটনা অত্যান্ত মর্মান্তিক। তাদের দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ হতে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার বিকালে অমি আক্তার ও তামিম তাদের নিজ বাড়ী থেকে নদীর ওপার আব্দুল সিকদার ডাঙ্গী গ্রামে নানা বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। তারা ভুবনেশ্বর নদী দিয়ে তাফাল (টিনের তৈরি ছোট নৌকা) চড়ে পার হচ্ছিল। পার হওয়ার সময় প্রচন্ড বাতাসে তাফাল উল্টে গিয়ে তারা দুই ভাই বোন নিখোঁজ হয়।

ঐদিন সন্ধ্যা ৭টার দিকে তামিমের বোন চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী অমি আক্তার(১৫) এর লাশ উদ্ধার করলেও প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় গভীর রাত পর্যন্ত খোঁজার পরও নিখোঁজ থাকে তামিম। তামিম হোসেন স্থানীয় আল হেরা কিন্ডার গার্ডেনের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী।

আজ সকাল ১০টার দিকে তামিমের লাশ উদ্ধার করা হয়। তারা সদর ইউনিয়নের আব্দুল শিকদারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা। পিতা মো. রাসেল দুবাই প্রবাসী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর