সিনহা হত্যাকান্ড: রিমান্ড শেষে কারাগারে ৭ আসামী

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলায় চার পুলিশ সদস্যসহ ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ (বৃহস্পতিবার) রিমান্ড শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এর বিচারক তামান্না ফারাহ এই নির্দেশ দেন। কারাগারে পাঠানোর নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার কোর্ট পুলিশের ইন্সপেক্টর প্রদীপ কুমার দাশ।

তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সাতজনকে আদালতে নিয়ে আসা হয়। র‌্যাবের পক্ষ থেকে নতুন করে রিমান্ডের আবেদন করা হয়নি। বিষয়টি আদালতকে অবহিত করার পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিনহার পরিবারের দায়ের করা মামলায় গত ১২ আগস্ট আসামী পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিটন মিয়া, কনস্টেবল সাফানুর রহমান, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন, পুলিশের দায়ের করা মামলার সাক্ষী মো. নুরুল আমিন, মো. নেজাম উদ্দিন ও মো. আয়াছকে ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ সাত আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর দুই দিন পর ১৪ আগস্ট আসামিদের কক্সবাজার জেলা কারাগার থেকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় র‍্যাব। সেখানে প্রত্যেক আসামীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর ১২টায় তাদের র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, এই মামলায় এ পর্যন্ত সাত পুলিশ সদস্য, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রিমান্ডশেষে আদালতে হস্তান্তর ৭আসামী ছাড়াও একই মামলার অপর ৬ আসামী বর্তমানে র‌্যাবের রিমান্ডে রয়েছেন। এরা হলেন টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিত এবং কক্সবাজারে কর্মরত এপিবিএন-১৪-এর সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর