নদীতে ডুবে বোনের মৃত্যু, ভাই নিখোঁজ

ফরিদপুরের চরভদ্রাসনের ভুবনেশ্বর নদীতে ডুবে নবম শ্রেনীর শিক্ষার্থী অমি আক্তার (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা তার ছোট ভাই তামিম হোসেন (১০) নিখোঁজ রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আব্দুল সিকদারের ডাঙ্গী আমিরের ব্রিজ সংলগ্ন লোহারটেক ভুবনেশ্বর নদীতে এ ঘটনা ঘটে। অমি চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী ছিল ও তার ছোট ভাই তামিম হোসেন স্থানীয় আল হেরা কিন্ডার গার্ডেনের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী। অমি আক্তার ও তামিম হোসেন উপজেলা সদরের উত্তর আলমনগর এলাকার সৌদি প্রবাসী শেখ রাসেলের সন্তান।

জানা যায়, বুধবার বিকালে অমি ও তামিম তাদের নিজ বাড়ী থেকে নদীর ওপার আব্দুল সিকদার ডাঙ্গী গ্রামে নানা বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। তারা ভুবনেশ্বর নদী দিয়ে তাফাল (টিনের তৈরি ছোট নৌকা) চড়ে পার হচ্ছিল। পার হওয়ার সময় প্রচন্ড বাতাসে তাফাল উল্টে গিয়ে তারা দুই ভাই বোন নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজি করে অমি আক্তারের মরদেহ উদ্ধার করলেও তামিম নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার, থানা অফিসার ইনচার্জ নাজনীন খানম ও সদরপুর ফায়ার সার্ভিসের সাব ষ্টেশন অফিসার মো. মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় নিখোঁজ তামিমকে উদ্ধারের বিষয়ে এসিল্যন্ড ইমদাদুল হক তালুকদার জানান, প্রশাসনের পক্ষ হতে তামিম হোসেনকে উদ্ধারের অভিযান চলমান রয়েছে। সদরপুর উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নেমে তামিম হাসানকে উদ্ধারে তল্লাশি শুরু করে। কিন্তু রাত ১০টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

এছাড়া রাতে উদ্ধার কাজ পরিচালনা করা সম্ভব নয় বলেও জানায় সংশ্লিষ্টরা। পরে স্থানীয় জেলেদের মাধ্যমে জাল দিয়ে খোঁজার উদ্যোগ নেন এসিল্যন্ড। ঘটনাস্থল ঘুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলেরা জাল ও স্থানীয়রা ছোট নৌকা নিয়ে নিখোঁজ তামিমকে খুঁজতে দেখা যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর