রোগীর বোনকে হাসপাতাল পরিচালকের যৌন নিপীড়ন

বরিশালের উজিরপুরে সাতলা এলাকার মায়ের দোয়া ক্লিনিকে এক রোগীর বোনকে (২৫) যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ক্লিনিকের মালিকের উপর। এ ঘটনায় ক্লিনিক মালিক ও পল্লী চিকিৎসক রেজাউল করিমকে (৩০) আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে ক্লিনিক থেকে তাকে আটক করা হয়।

যৌন নিপীড়নের শিকার ওই তরুণীর বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার সুতারকান্দি এলাকায়। আটক রেজাউল সাতলা এলাকার মৃত আদম আলীর ছেলে।

তরুণীর স্বজনরা বলেন, তরুণীর বড় বোন অসুস্থ হয়ে পড়লে গত ১৬ আগস্ট মায়ের দোয়া ক্লিনিকে ভর্তি করা হয়। অসুস্থ বোনের সেবা-যত্নের জন্য তিনি ক্লিনিকেই অবস্থান করেন। রেজাউল করিম ওই তরুণীকে বিভিন্ন সময় তার রুমে ডেকে নেন এবং শরীর স্পর্শ করেন। তখন লোকলজ্জায় বিষয়টি কাউকে বলতে পরেনি ওই তরুণী।

বুধবার সন্ধ্যার পর রেজাউল করিম তাকে আবারও তার কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন। সেখান থেকে কোনোভাবে বেরিয়ে এসে তার ভাইকে বিষয়টি খুলে বলেন। তার ভাই উজিরপুর থানা পুলিশকে বিষয়টি জানান এবং লিখিত একটি অভিযোগ দেন।

যৌন নিপীড়নের শিকার ওই তরুণী জানান, ক্লিনিকের স্টাফ ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জেনেছেন, রেজাউল করিম দীর্ঘদিন ধরে নারী রোগী ও তার স্বজনদের চিকিৎসা দেয়ার নামে যৌন হয়রানি করে আসছেন। অনেকেই লজ্জায় বিষয়টি গোপন করেন। কেউ প্রতিবাদ করলে তাদের হুমকি বা টাকা দিয়ে ম্যানেজ করেন ক্লিনিক মালিক রেজাউল করিম। তাকেও যৌন নিপীড়নের পর হুমকি দেয়া হয়েছিল।

উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল আহসান বলেন, রোগীর ছোট বোনকে যৌন নিপীড়নের অভিযোগে ক্লিনিক মালিক ও পল্লী চিকিৎসক রেজাউল করিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর