নাটোরের গুরুদাসপুর পৌর সদরের খামারনাচকৈড় মহল্লায় ভ্যানগাড়ি চুরির অপবাদ দিয়ে ছাবলু সরদার (৩৮) নামে এক রাজমিস্ত্রির হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ছাবলুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আহত রাজমিস্ত্রি ছাবলু সরদারের স্ত্রী হেলেনা বেগম বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেন। আবুহান সরদার, জামাল সরদার, নায়েব সরদার ও আয়ুব সরদারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। আহত ছাবলু সরদার ও অভিযুক্তদের বাড়ি একই মহল্লায়।
হেলেনা বেগম বলেন, আমার স্বামী রাজমিস্ত্রি। স্বামীর উপার্জনের টাকা দিয়ে অসুস্থ শ্বশুরের চিকিৎসা এবং দুই ছেলে-মেয়ের পড়াশোনা ও সংসারের খরচ চলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে পিটিয়ে আহত করায় আমরা অসহায় হয়ে পড়েছি।
এ বিষয়ে গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, ছাবলু সরদারকে আহত করার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কেএস/বার্তাবাজার