ভয়াবহ রূপ ধারণ করেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল পরিস্থিতি। যার ফলে রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করে স্থানীয় গভর্নর। আগুনে বৈদ্যুতিক তার পুড়ে যেকোনো সময় হতে পারে বড় ধরণের বিদ্যুৎ বিভ্রাট, এছাড়া নতুন করে আরও বিভিন্ন অংশে আগুনও লাগার আশঙ্কা বলে জানিয়েছে দমকল বাহিনী। তাই এসব এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ভয়াবহ দাবানলে পুড়ে যাচ্ছে মাইলের পর মাইল অঞ্চল। ইতিমধ্যে বন পুড়িয়ে দাবানল ছড়িয়ে পড়ছে লস অ্যাঞ্জেলস শহরের আবাসিক এলাকাগুলোতেও। বহু বাড়িঘরে আগুন লাগায় দিশেহারা অবস্থা বাস্তুচ্যুত মানুষের। ঝুঁকিপূর্ণ অঞ্চল ছেড়ে ক্রমেই পালিয়ে যাচ্ছেন বাসিন্দারা। অনেকেই নিরাপদ এলাকায় গিয়ে অস্থায়ী তাঁবুতে পার করছেন দিন।
গতকাল মঙ্গলবার পর্যন্ত অন্তত ৩০ টি দাবানলের সন্ধান পেয়েছে দমকল বাহিনী। যেকোনো সময় এসব এলাকার বৈদ্যুতিক তারে আগুন লেগে নতুন করে বিভিন্ন জায়গায় আগুন লেগে যেতে পারে। আর তা হলে সংযোগ পুনস্থাপন করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে আশঙ্কা জরুরি সহায়তাকারীদের। এ অবস্থায় পুরো অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিওসোম।
কেএস/বার্তাবাজার