বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ভারতীয় ভিসা চালুর অনুরোধ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।আজ(বুধবার) ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়। হোটেল সোনারগাঁওয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব। বৈঠকে ভারতীয় পররাষ্ট্র সচিব দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘প্রতিবেশী প্রথম’ নীতির কথা তুলে ধরেন।
এসময় বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পুনরায় চালুর অনুরোধ করেন মাসুদ বিন মোমেন। বিশেষ করে রোগীরা যেন ভারতে চিকিৎসা নিতে পারেন সেই বিষয়ে অনুরোধ জানান তিনি। এছাড়া ভারতের পক্ষ থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর চালুর জন্য অনুরোধ জানানো হয়।
ভারতে আটকে পড়া তাবলীগ জামাত সদস্যদের দ্রুত দেশে ফেরানোর বিষয়েও কথা বলেন মাসুদ বিন মোমেন। একই সাথে আসামের ধুবড়িতে আটক বাংলাদেশের ২৫ জেলেকে ফেরত দেয়ার অনুরোধ করেন। ভারতীয় পক্ষ এ বিষয়ে আশ্বাস দিয়েছে।
কেএস/বার্তাবাজার