ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার এমন আকস্মিক বিদায়ে রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশের ক্রিকেটকে যিনি এতো কিছু দিয়েছেন, তার বিদায়টা এভাবে ঠিক মেনে নিতে পারছে না ভারতের বোর্ড। তাই ধোনির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে বিসিসিআই।
আর বিষয়টি ভারত ভিত্তিক সংবাদসংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে নিশ্চিত করেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। এসময় তিনি বলেন আসন আইপিএলের মৌসুমে ধোনির সঙ্গে তার বিদায়ী ম্যাচের বিষয়ে আলোচনা করবে বোর্ড। এরপর যা কিছু আয়োজনের পরিকল্পনা করা হবে।
তিনি আরও বলেন, ‘এখন বর্তমানে ভারতের কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। আইপিএল শেষ হলে আমরা দেখব কী করা যায়। কেননা ধোনি ভারতের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন এবং সে সবধরনের সম্মান প্রাপ্য। আমরা সবসময়ই চেয়েছি ধোনির জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করতে। তবে ধোনি পুরোপুরি ভিন্ন ধরনের খেলোয়াড়। সে এমন এক সময় অবসরের ঘোষণা দিলো, যখন কেউ ভাবেওনি।’
কেএস/বার্তাবাজার