হবিগঞ্জের নবীগঞ্জে টাকার জন্য বাবা-মা’কে মারপিট ও ঘরের জিনিসপত্র ভাঙচুরসহ উশৃঙ্খল দায়ে ফারুক আহমেদ নামে এক যুবককে ১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বাবার অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০ টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই আদেশ দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন।
অভিযুক্ত ফারুক উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের আমিরউল্লাহর ছেল।
জানা যায়, টাকার জন্য প্রায়ই মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদেরকে মারপিট করতো ফারুক। এর আগে থানা পুলিশের সহায়তায় বেশ কয়েকবার মীমাংসা হলেও নিজেকে শুধরিয়ে নেয়নি ফারুক। আবার শুরু হয় তার মাত্রাতিরক্ত অত্যাচার। গত দুই দিন ধরে আবারো তার মা-বাবাকে মারপিট করে ঘর থেকে বের করে দেয় ফারুক। অবশেষে বাধ্য হয়ে তার বাবা আমির উল্লা নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর কাছে অভিযোগ দেন।
অভিযোগের প্রক্ষিতে বিষয়টি মীমাংসা করতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান ও একদল পুলিশ নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। কিন্তু তাদেরেকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে ফারুক।
অবশেষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফারুককে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারা মোতাবেক ১৪ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বলে তথ্যটি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন।
বার্তাবাজার/এসজে