অক্টোবরে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে প্রাথামিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। সংশ্লিষ্ট বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৩০০ জন এবং প্রায় ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। তবে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করতে কিছু ক্ষেত্রে পরিবর্তন আসছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, সারাদেশে ২৫ হাজার ৩০০টি পদ তৈরি করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক স্তরে। মন্ত্রণালয় থেকে গত দুই মাস আগে প্রাথমিকে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু করোনা পারিস্থিতির কারণে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) গত জুন মাস থেকে নিয়োগ সংক্রান্ত প্রস্তুতি নেয়া শুরু করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক পদ তৈরি করা হয়েছে। আমরা অনেক আগে অধিদফতরকে এসব পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছি। তার সাথে সহকারী শিক্ষকের শূণ্য পদগুলো চিহ্নিত করে নিয়োগ দিতে বলা হয়েছে। ডিপিই খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষক নিয়োগের কার্যক্রম সম্পন্ন করতে কাজ আরম্ভ করেছে।’

ডিপিই সূত্রে জানা গেছে, সারাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষক ২৫ হাজার ৩০০ জন আর সহকারী শিক্ষক ১০ হাজার শূন্যপদে (এ সংখ্যা কমবেশি হতে পারে) নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ওয়েবসাইটকে করা হচ্ছে আধুনিকায়ন। যার ফলে এবার প্রার্থী আবেদন করার পর এই সফটওয়্যারের মাধ্যমেই অটোমেটিক প্রার্থীর ব্যক্তিগত ও একাডেমিক তথ্য যাচাই-বাছাই করা হবে। এতে করে আবেদন যাচাই-বাছাই করতে সময় খরচ হবে না।

জানা গেছে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে ইতোমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে। অনলাইনে সম্পন্ন করতে হবে আবেদন প্রক্রিয়া। আবেদনকারী নারী-পুরুষ উভয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (সম্মান), স্নাতক (পাস) বা সমমান ডিগ্রি করা হয়েছে।

গত বছর ১৬৬ টাকা ছিল অনলাইন আবেদন ফি। এবার অনলাইন আবেদন ফি কিছুটা বৃদ্ধি করা হয়েছে। আবেদন গ্রহন, কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো, খাতা মূল্যায়ন ও ফল প্রকাশ করার জন্য সহায়তা করবে বুয়েট ও টেলিটক মোবাইল কোম্পানী।

আগামী অক্টোবরের মাসের প্রথম সপ্তাহে প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইন আবেদনের জন্য এক মাস সময় দেয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিইর নিয়োগ শাখার উপ-পরিচালক আতিক বিন সাত্তার জানান, ‘মন্ত্রণালয়ের নির্দেশনার পর আমরা নিয়োগ সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রমের জন্য প্রস্তুতি শুরু করেছি। ইতোমধ্যে ওয়েবসাইট ডেভেলপ (উন্নয়ন) করা হচ্ছে আবেদন গ্রহণের জন্য। যার ফলে আবেদনকারীর আবেদন সম্পন্ন হলে সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অটো তথ্য যাচাই-বাছাই হয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ২৫ হাজার ৩০০ জন নিয়োগ দেয়া হবে প্রাক-প্রাথমিক স্তরে। এটি প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি) এর আওতাভুক্ত। তবে প্রকল্পের মেয়াদ শেষে এ স্তরের শিক্ষকদের রাজস্বখাতে অন্তভুক্ত করা হবে। এছাড়াও প্রাথমিকে শূন্য সকল পদে আরও ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়ার কথা রয়েছে। এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে।’

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর