মাদক সেবনকালে হাতেনাতে আটক সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বরগুনার বেতাগীতে মাদক সেবনকালে পুলিশের হাতে গ্রেফতার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহমেদ সাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগে করা মামলা নিষ্পত্তি হলে পরবর্তী সময়ে তাকে স্বীয় পদে বহাল রাখা হবে, এমন কোনো বিষয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বেতাগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনের সময়, সেবনের সরঞ্জামাদিসহ পুলিশ কর্তৃক হাতেনাতে গ্রেফতার হওয়ায় বর্ণিত এ বিষয়ে বরগুনা সদর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়, যার মামলা নং ০৯, ১৫৪/২০২০।

মামলাটি চলমান থাকায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী তার ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় এবং সংগঠিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনা করে ৩৪(১) ধারা অনুযায়ী অভিযুক্ত চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রসঙ্গত, গত ১২ জুলাই বরগুনা জেলা শহরের হোটেল তাজবিন থেকে বেতাগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা মহসিন ফয়সাল অপুসহ মোট তিনজনকে গ্রেফতার করে বরগুনা সদর থানা পুলিশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর