জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র, ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাধীনতার ঘোষণার পাঠক কখনো স্বাধীনতার ঘোষক হতে পারে না বলেও তিনি মন্তব্য করেছেন।
আজ (বুধবার) সকালে সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে বরিশাল সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইতিহাস বিকৃত করে পাঠ্য পুস্তক থেকে বঙ্গবন্ধুকে নির্বাসনে দিয়ে নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শিখতে বাধ্য করেছে জিয়াউর রহমান। তিনি বলেন, ইতিহাস চলে তার নিজস্ব গতিতে, অপরাধীদের একসময়ে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হয়, ইতিহাস কাউকে ক্ষমা করে না।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভা ও করোনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
বার্তাবাজার/এসজে