বঙ্গবন্ধু হত্যা মামলার কোথাও জিয়াউর রহমানের নাম আসেনি: নজরুল ইসলাম

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হত্যা মামলায় কোথাও সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম আসেনি বলে দাবী করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ (বুধবার) সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বক্তব্যের জন্য মানুষের কাছে এখন হাসির পাত্র হিসেবে পরিচিতি লাভ করেছেন। বাংলাদেশের মানুষ যার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শুনেছেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে তার কমান্ডারকে হত্যা করে চট্টগ্রাম দখল করার মাধ্যমে প্রথম সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন।

নজরুল ইসলাম বলেন, ‘আমরা জানি মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যার বিচার আদালতে হয়েছে। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেউ অভিযুক্ত করেনি এবং মামলার কোথাও তার নাম আসেনি। এখন সাজাপ্রাপ্ত আসামির ফাঁসির আগে জোরপূর্বক তার বক্তব্য নিয়ে তা অনৈতিকভাবে ভাইরালের মাধ্যমে অপপ্রচার চালানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর