ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের শাহানুজিয়াইল গ্রামে নুরুন্নাহার নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বাড়ির রাস্তায় গাছের চারা লাগিয়ে বন্ধ করে দিলো প্রতিপক্ষরা। এতে করে উক্ত শিক্ষিকার পরিবারের লোকজন সহ এলাকার সর্বমহলে এর তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।
সরজমিন পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহানুজিয়াইল গ্রামের জনব আলী ফকিরের পুত্র সাইদুল ইসলাম ফকির ও নুরুল ইসলাম ফকির ঈর্ষান্বিত হয়ে উক্ত শিক্ষিকার বাড়ির রাস্তার জায়গাটুকু নিজেদের দাবী করে গত দুই দিন আগে রাস্তার মধ্যে সুপারী ও কাঠাল গাছের চারা লাগিয়ে প্রবেশ পথ বন্ধ করে দেয়।
তবে এ ব্যাপারে শিক্ষিকা নুরুন্নাহার জানান, তার স্বামী শফিকুল ইসলাম রুবেল ও শ্বশুর আব্দুল জলিল সাইদুল ইসলাম ফকিরের নিকট থেকে প্রায় একযুগ পূর্বে সাফকাওলা মুলে রাস্তার পার্শ্বের ২১শতাংশ জমি ক্রয় করে বাড়ি করেছেন। উক্ত ক্রয়কৃত সম্পত্তির দলিলে চৌহদিতে একপার্শ্বে রাস্তার উল্লেখ রয়েছে।
বিগত বছরে রাস্তাটি পাকা করন করা হওয়ায় শিক্ষিকার বাড়ির সামনে রাস্তা ঘেষে একটি দোকান নির্মাণের পায়তারা করলে স্থানীয় লোকজন দরবারের মাধ্যমে তা ভেঙ্গে দেন এবং শিক্ষিকার বাড়ির রাস্তার উপর কোন ধরনের দখল ও বিঘ্নতা ঘটাবে না বলে দরবারে সিদ্ধান্ত মেনে নেয়। কিন্তুু ফের উক্ত বাড়ির রাস্তা বন্ধের জন্য উঠে পড়ে লেগে এবং সেখানে গাছের চার রোপন করে বন্ধ করে দেয়।
এ ব্যাপারে শিক্ষিকার শ্বশুর আব্দুল জলিল ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে দা-বল্লম নিয়ে এসে প্রাণনাশের হুমকি দেয়। যার ফলে বর্তমানে উক্ত পরিবারটি আতংকের মধ্যে রয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষ সাইদুল ইসলাম ফকির জানান, “রেকর্ডে কোন ধরনের রাস্তা উল্লেখ নেই। আমরা রাস্তা বন্ধ করেনি। আমাদের জায়গায় কয়েকটি গাছের চারা লাগিয়েছে। আমি আইন বুঝি, আইনে যদি রাস্তা দিতে হয় দিবো।”
অপরদিকে শিক্ষিকা নুরুন্নাহার জানান, উক্ত সাইদুল ইসলাম ফকির একজন জমির আমিন, তিনিই এই ধরনের ষড়যন্ত্র করে আমাদের পথ আটকে দিয়েছে। যাতে করে বাড়ি থেকে আমরা বের হতে না পারি।
শিক্ষিকার শ্বশুর আব্দুল জলিল জানান, “আমরা এ ব্যাপারে প্রশাসনের সহযোগীতা কামনা করছি।”
স্থানীয় ইউপি সদস্য ফারজুল ইসলাম বলেন, পূর্বেও একবার সমস্যা হয়েছে তা সমাধান করে দিয়েছি। শিক্ষিকার বাড়ির রাস্তা বন্ধের বিষয়টি স্থানীয়ভাবে ফায়সালা করে দিবেন বলে জানান।
বার্তাবাজার/এমকে