রাতের আঁধারে পদ্মায় বিলীন আরও এক বিদ্যালয়

পদ্মার সর্বনাশা ভাঙনের কবলে পড়েছে মাদারীপুরের শিবচর উপজেলার আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ২৬ নং কাজীরসূরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারটি হারিয়ে যায় নদীগর্ভে। সম্প্রতি বন্যা পরিস্থিতিতে এই বিদ্যালয় ভবনটিতেই আশ্রয় নিয়েছিল শত শত মানুষ।

চলতি বছরের বন্যায় একই ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এইইএসডিপি মডেল হাই স্কুলের ৩ তলা একটি ভবন তলিয়ে গিয়েছে পদ্মার ভাঙনে পড়ে। এছাড়া পাশের চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একধাইক ভবন ও কাঁঠালবাড়ি ইউনিয়নের ৭৭ নং কাঁঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও হারিয়ে গিয়েছে পদ্মায়।

জানা যায়, বন্দরখোলা ইউনিয়নের পুরো কাজিরসূরা এলাকাটি পদ্মার কড়াল গ্রাসের মুখে রয়েছে। গতরাতে বিদ্যালয়টি ভাঙনে তলিয়ে যাওয়ার পর আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন স্থানীয় লোকজন। ঝূঁকিতে আছে একটি কমিউনিটি ক্লিনিক, বন্দরখোলা ইউনিয়ন পইষদ ভবন, ও কাজীরসূরা বাজার। কাজীরসূরার এই বিদ্যালয়টিতে ২ শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করতো বলে জানা গেছে।

তলিয়ে যাওয়া বিদ্যুয়ালয়টির প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, মঙ্গলবার গভীর রাতে স্কুল ভবনটি নদীতে বিলীন হয়েছে। বিকেলেও ইউএনও, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান স্কুল পরিদর্শন করেছিল। তখনও স্কুলটি ছিল। বিদ্যালয়টি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর