গ্রেফতারের পর পদত্যাগ করলেন মালির প্রেসিডেন্ট

আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীসহ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। বিদ্রোহী সেনাদের হাতে গ্রেফতার হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা এবং প্রধানমন্ত্রী বোবো সিসে। আটক থাকা অবস্থায়ই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা।

মঙ্গলবার বিদ্রোহী সেনাদের হাতে আটক হওয়ার পর বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেন তিনি।

বিবৃতিতে কেইতা বলেন, ‘নিজেকে ক্ষমতায় রাখতে আমি রক্ত ঝরাতে চাই না।’‘আজ সেনাবাহিনীর কিছু অংশ মনে করছে হস্তক্ষেপ জরুরি। আমার কি সত্যি অন্য কোনো উপায় আছে? এখন থেকেই দায়িত্ব ছেড়ে দিলাম।’

এর আগে, বেতনভাতাসহ সরকারের নানা ‘দুর্নীতির’ প্রতিবাদে কয়েক মাস ধরে মালিতে বিক্ষোভ করছিলেন সেনারা।

গতকাল মঙ্গলবার নাটকীয়ভাবে হঠাৎ তারা রাজধানীর পাশের একটি শহরে জড় হয়ে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে আটক করেন।

কেইতা ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন। এরপর অর্থনৈতিক দুরবস্থার পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতা মাথাচাড়া দিয়ে ওঠে। রক্ষণশীল ইমাম মাহমুদ ডিকোর নেতৃত্বে সামনে আসে নতুন একটি বিরোধী জোট। সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে দেশটির ক্ষমতা দখল করেছে কি না, সেটি এখনো জানা যায়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর