পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের কোপে শুভ শীল (২০) নামে ছাত্রলীগের এক নেতার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে স্থানীয় ওহাবিয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। শুভ শলী একটি ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
ছাত্রলীগের একটি সূত্রে জানা যায়, এক পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম। আরেক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান। আরিফুর রহমানের অনুসারী ছিলেন শুভ শীল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফেরদৌস বলেন, শুভ শীলকে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, শুভ শীলের ওপর হামলার সঙ্গে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সাদীসহ বেশ কয়েকজন অংশ নেন। হামলাকারীরা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলামের অনুসারী। তবে শরীফুল ইসলামের ভাষ্য, কোনও রাজনৈতিক বিরোধ নয়, স্থানীয় বিরোধের জেরে শুভর ওপর এ হামলা হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, শুভর ওপর হামলার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।
বার্তাবাজার/এমকে