নির্মাণাধীন ভবন থেকে কিশোরের লাশ ‍উদ্ধার

ফরিদপুরে নির্মাণাধীন একটি ভবন থেকে সাব্বির মোল্যা (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী মহল্লার নির্মাণাধীন এক ভবনের ১২ তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাব্বির ঝিলটুলীর এক বাড়িতে ভাড়া থাকত। সে ফরিদপুরের এক রেস্তোরাঁর কর্মচারী ছিল। নিহত সাব্বির মোল্যা ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রামের প্রয়াত ছেরমান মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে ‘প্রফেসার্স টাওয়ার’ নামে পরিচিত নির্মাণাধীন ওই বাড়ির শ্রমিকরা কাজ করতে এসে ওই কিশোরের লাশ দেখতে পান। পরে তারা বিষয়টি ফরিদপুর কোতয়ালী থানায় জানায়। পুলিশ সোয়া ৯টার দিকে লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুত এ হত্যা রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর