গরু ধইঞ্চা গাছ খাওয়ায় বসতঘরে আগুন

গরু ধইঞ্চা গাছ খেয়ে ফেলায় চাঁদপুরে এক গরুর মালিকের দুটি ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারায়ণ চন্দ্র দে জানান, গত ১০ আগস্ট একই এলাকার রুহুল আমিনের ছেলে দেলোয়ার হোসেনের ক্ষেতের ধইঞ্চা আমার গরু খেয়ে ফেলে। এর জেরে দেলোয়ার আমাকে মারধর করে। পরে দেলোয়ারসহ তার ভাতিজা সৈয়দ আলীর ছেলে জহর আলী, ফারুক, সুমন, শাহাদাত, রুহুল আমিনের ছেলে সুফিয়ান ও মনির এক জোট হয়ে আমাকে ও আমার পরিবারের লোকজনের ওপর হামলা এবং মারধর করে। এ ঘটনার সময়ে দেলোয়ার আমাকে ও পরিবারের লোকজনকে ক্ষতি করবে এবং আমার ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়ে আমাকে এলাকা ছাড়া করবে হুমকি দিয়ে চলে যায়।

নারায়ণ চন্দ্র দে বলেন, ঘটনার ৫ দিন পর গত ১৫ আগস্ট রাতের আঁধারে আমার দুটি পাক ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় বাড়িতে অবস্থানকারী আমার জেঠাতো ভাই রনজিত দে মাছ চাষ করার পুকুর দেখতে ঘুম থেকে উঠলে তিনি আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাক চিৎকার দেন। পরে আশ-পাশের লোকজন দৌড়ে এসে ঘর দুটিতে দেয়া আগুন নেভাতে সাহায্য করে। ঘর দুটিতে ধান, আলু, ভুট্টা, লাকড়ী, পাট ছিল বলে জানান তিনি।

এদিকে, অভিযুক্ত দেলোয়ার হোসেনের ভাতিজা শাহাদাত জানান, গরু ধইঞ্চা খাওয়াকে দু’ পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে। গত ১৪ আগস্ট এ নিয়ে শালিস বৈঠকের কথা থাকলেও তা হয়নি। অন্যদিকে, ঘটনার পর থেকে আইনগত ব্যবস্থা না নেওয়ায় ভয় আর আতঙ্কে দিন কাটছে নারায়ণ চন্দ্র দে ও তার পরিবারের।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর