সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর প্রদান

চট্টগ্রামে সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার্থে ২টি ভেন্টিলেটর দিয়েছে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড।

মঙ্গলবার (১৮ আগস্ট) সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. আবু মনসুর মোহাম্মদ দিদারুল আলমের নিকট ভেন্টিলেটর দু’টি প্রদান করেন প্রিমিয়ার সিমেন্ট মিলসের জিএম (কমার্শিয়াল) জোবায়ের আলম।

সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাফরুল ইসলাম চৌধুরী বলেন, গরিব রোগীদের সেবা দেওয়ার জন্য চিকিৎসা সরঞ্জাম চেয়ে আমরা সিকম গ্রুপের পরিচালকের নিকট অনুরোধ জানিয়েছিলাম। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে ২টি ভেন্টিলেটর দিয়েছেন। এর ফলে আমরা গরিব রোগীদের নামমাত্র মূল্যে জরুরি সেবা দিতে পারবো। ভেন্টিলেটর দেওয়ার জন্য সিকম গ্রুপের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

উল্লেখ্য, গত ৪ জুন চট্টগ্রামে করোনা রোগীদের জন্য অস্থায়ীভাবে ৩০০ শয্যার আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান সিটি হল কনভেনশন সেন্টার চট্টগ্রাম সিটি করপোরেশনকে হস্তান্তর করে সিকম গ্রুপ। ২৩ জুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ ও কাস্টম হাউসের কমিশনার ফখরুল আলমের হাতে সিকম গ্রুপের পক্ষ থেকে সুরক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। ২৪ জুন চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের জন্য ৭টি ভেন্টিলেটর দেন সিকম গ্রুপ ও প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে ৮টি এবং চট্টগ্রাম বন্দর হাসপাতালে ২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন দিয়েছে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড। এ ছাড়া উত্তরাঞ্চলের ২৫টি জেলায় ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে প্রিমিয়ার সিমেন্ট।

সিকম গ্রুপ ও প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, করোনার প্রাদুর্ভাবে সারা দেশ জর্জরিত। করোনা মহামারী প্রতিরোধে সরকার যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করে চলেছে৷ তবে এমন চরম সংকটে সরকারের একার পক্ষে করোনার মতো বৈশ্বিক মহামারী মোকাবেলা করা সম্ভব নয়। তাই মানবিক দায়িত্ববোধ হতে আমরাও জনগণের সেবায় যথাসাধ্য সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি মাত্র। গরীব দুঃস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা সেবায় ভালো কিছু করতে পারাটা আমাদের নিকট বিরাট পাওয়া।

এ সময় উপস্থিত ছিলেন সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, প্রিমিয়ার সিমেন্ট মিলসের জিএম (কমার্শিয়াল) জোবায়ের আলম, জিএম (ফিন্যান্স) গোলাম কিবরিয়া, ডিজিএম (অডিট) সাজ্জাদ হোসাইন, ম্যানেজার (অপারেশন) হামিদ চৌধুরী সহ প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর