জুয়ার আসর থেকে আটক পৌর ছাত্রলীগ সভাপতি, ছাত্রলীগের দাবি ষড়যন্ত্র

পটুয়াখালীতে জুয়ার আসর থেকে কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমানসহ ৫ জনকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। সোমবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এস আই আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে হোটেল কিংস থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনাকে পুলিশের সাজানো নাটক দাবি করে নিন্দা জানিয়েছে জেলা ও কুয়াকাটা পৌর ছাত্রলীগ।

পুলিশ জানায়, কুয়াকাটার আবাসিক হোটেল কিংস থেকে জুয়া খেলা অবস্থায় কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান (২৯), মহিপুরের সামসুল হক মুন্সির ছেলে কলিম মাহামুদ (৩২), মহিপুুরের আলমগীর হাওলাদারের ছেলে চিহ্নিত জুয়াড়ি রবিউল (২৭), মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের ইউসুফ আলী নায়েবের ছেলে অন্যতম জুয়াড়ি গোলাম মাওলা (৩০), ও দুমকির পাঙ্গাশিয়ার জালাল খানের ছেলে কুয়াকাটা বনানী প্যালেসের ম্যানেজার শাহিন খান (৩৫) কে নগদ ৫০৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ আটক করা হয়। এসময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে ৪ পুলিশ সদস্যকে আহত করে করে বলে পুলিশের দাবী।

আহত পুলিশ সদস্যরা হলেন মহিপুর থানার এস আই আসাদুজ্জামান জুয়েল, এস আই মনির হোসেন, কনস্টেবল ইব্রাহিম, কনস্টেবল নজরুল।

পটুয়াখালী জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ভুইয়া জানান, এটি একটি ষড়যন্ত্রমূলক ঘটনা, তাদেরকে নিয়ে যাবার সময় পুলিশের সাথে হাতাহাতির ঘটনা ঘটতে পারে। তবে এসব ঘটনার আমি তীব্র নিন্দা জানাই।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা প্রদান ও জুয়া আইনে একটি মামলা হয়েছে। আটককৃতদের কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিসেট্রট আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর