নদীর চরিত্র বুঝে অবকাঠামো নির্মাণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সব জায়গায় সবকিছু নির্মাণ করা যাবে না। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান নদীর ভাঙনের হুমকির মুখে রয়েছে সেগুলো অবিলম্বে সরিয়ে নিন।’
আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত একনেক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক বৈঠকে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী। এছাড়া পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণভবন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা শেরেবাংলা নগরের এনইসি মিলনায়তন থেকে একনেক বৈঠকে অংশ নেন।
এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা যে নদীর পাড়ে ঘরবাড়ি বানাই, তখন কি আমরা চিন্তা করে বানাচ্ছি? বানিয়ে চলে গেলেন, নদী ভেঙে নিয়ে গেল। এটা ঠিক না। আমাদের নদীর চরিত্র বুঝতে হবে। জেনেশুনে অবকাঠামো নির্মাণ করতে হবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব জায়গায় সবকিছু নির্মাণ করা যাবে না।’
কেএস/বার্তাবাজার