ওসি প্রদীপসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

সদ্য বরখাস্ত হওয়া টেকনাফ থানার সাবেক অফিস ইনচার্জ (ওসি) প্রদীপসহ ২৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার সুলতান আহমদের স্ত্রী গোল চেহের এ মামলা দায়ের করেন।

কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ (টেকনাফ) এর বিচারক মো. হেলাল উদ্দিন মামলাটি আমলে নিয়ে এএসপি সমমানের পুলিশ কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ইনসাফুর রহমান জানান, গত ৪ জুলাই সকালে বাদী গোল চেহেরের দুই সন্তান সাদ্দাম হোসেন ও মো. জাহেদ হোসেনকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাদেরকে ছেড়ে দেবে বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় মৃত লাশ প্রদান করা হবে বলে হুমকি দেয় টেকনাফ উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান। পরে পৃথকভাবে ৫ লাখ টাকা প্রদান করা হয়। কিন্তু তাদের ছেড়ে না দিয়ে মো. জাহেদ হোসেনকে মিথ্যা অভিযোগে আদালতে সোপর্দ করলেও মো. সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যা করে। এ মর্মান্তিক ঘটনায় মশিউর রহমানকে এক নম্বর ও প্রদীপ কুমার দাশকে দুই নম্বর আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর