ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ নিহত ৮ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ (মঙ্গলবার) বিকালে ফুলপুর থানা থেকে পরিবারে কাছে মরদেহগুলো বুঝিয়ে দেয় পুলিশ।
এর আগে ভোরে ময়মনসিংহের ভালুকা থেকে এক আত্মীয়ের জানাজার নামাজে অংশ নিতে মাইক্রোবাসে করে ১৪ জন শেরপুরের নালিতাবাড়ি যাচ্ছিল। পথে ফুলপুরের বাঁশাটি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে মৃত্যু হয় গফরগাঁও উপজেলার বাতুরী মশাখালী এলাকার শামসুল হক (৬৫), তারাকান্দা উপজেলার দাদরা এলাকার নবী হোসেন (৩০), ভালুকার বাকশীবাড়ি বিরুনিয়া এলাকার মিলুয়ারা বেগম (৫৫), গফরগাঁওয়ের শেখ বাজার এলাকার রিপা খাতুন (৩০), একই এলাকার রেজিয়া খাতুন (৫৩), পাগলার মশাখালি এলাকার পারুল আক্তার (৫০), ভালুকার বাকশীবাড়ি বিরুনিয়া এলাকার বেগম (৩০) ও তার মেয়ে বুলবুলি আক্তার (৭)।
লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি ইমারাত হোসেন গাজী জানান, মাইক্রোবাস চালককে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। এজন্য অভিযান চলছে।
বার্তাবাজার/এসজে