যশোরে মাদ্রাসা ছাত্রী শিশুকে ধর্ষণে দায়ে আরেক মাদ্রাসাছাত্র আটক

যশোরে এক মাদ্রাসাছাত্রী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আজ (মঙ্গলবার) ভোরে অভিযুক্ত মাদ্রাসাছাত্র আবু রায়হানকে গ্রেফতার করে পুলিশ।

আটককৃত আবু রায়হান যশোরের বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদ্রাসার হেফজখানার ছাত্র। তার বাড়ি সদর উপজেলার রহেলাপুর গ্রামে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নির্যাতনের শিকার মেয়েটি শহরের একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। মেয়েটির মা বারান্দিপাড়া বায়তুল মামুদ মাদ্রাসায় রান্নার কাজ করেন। সেই সুবাদে আবু রায়হানের সঙ্গে ওই পরিবারের সম্পর্ক গড়ে ওঠে। গত ৯ আগস্ট বিকেলে মেয়েটির মা মাদ্রাসায় রান্নার কাজ করার সময় আবু রায়হান তাদের বাড়িতে যায় এবং মেয়েটিকে ধর্ষণ করে। প্রথমে ভয়ে মেয়েটি কাউকে না জানালেও পরে সে তার মাকে বিষয়টি জানায়। এরপর সোমবার রাতে মেয়েটির মা যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর আজ ভোরে মাদ্রাসা থেকে আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আজ দুপুরে যশোর জেনারেল হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। এ ঘটনায় মেয়ের মায়ের দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

নির্যাতনের শিকার মেয়েটির মা জানান, তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তবে এ ব্যাপারে এখন তিনি আর কিছু বলতে চান না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর