পাপিয়া ও তার স্বামীর অস্ত্র মামলায় চার্জ শুনানি ২৩ আগস্ট

আগামী ২৩ আগস্ট (রোববার) অস্ত্র আইনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ চার্জ শুনানির এ তারিখ ঠিক করেন।

এর আগে গত ২৯ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই মো.আরিফুজ্জামান ।

গত ২২ ফেব্রুয়ারি দুই সহযোগীসহ পাপিয়া এবং তার স্বামী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করার সময় তাদেরকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে র‌্যাব সাতটি পাসপোর্ট, দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ১১ হাজার ৪৮১ ডলার, শ্রীলঙ্কা ও ভারতের কিছু মুদ্রা এবং দুটি ডেবিট কার্ড জব্দ করে।

পরে পাপিয়ার ফার্মগেটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০টি গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়, একটি অস্ত্র ও একটি বিশেষ ক্ষমতা আইনে। এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাগুলোয় দুই দফায় তাদের ৩০ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর