দেশব্যাপী বিরাজমান কোভিড-১৯ পরিস্থিতিতে বেকার হয়ে পড়া পঞ্চগড় জেলার সীমান্তবর্তী জনসাধারণ বিশেষ করে দুঃস্থ, অসহায়, হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষদের পাশে দাড়িয়েছে পঞ্চগড় ১৮ বিজিবি।
মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও পঞ্চগড় ১৮ বিজিবি এর ব্যবস্থাপনায় পঞ্চগড় জেলার মীরগড়, শারিয়ালজোত, সোনাপাতিলা, পেদিয়াগছ, মাঝিপাড়া এবং গোয়ালগছ সীমান্ত এলাকায় গবাদি পশু (ছাগল), রিক্সা/ভ্যান এবং সেলাই মেশিন অনুদান হিসেবে বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ,অসহায়,হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষদের মাঝে গবাদি পশু (ছাগল), রিক্সা/ভ্যান এবং সেলাই মেশিন অনুদান হিসেবে বিতরণ করেন পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার আনিসুর রহমান।
অনুদান বিতরণকালে পঞ্চগড় ১৮ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাগণ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার আনিসুর রহমান বলেন, সীমান্ত রক্ষা ও অন্যান্য সকল দায়িত্ব পালনের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে সর্বদা কার্যকরী ভূমিকা রাখার চেষ্ঠা করে আসছে পঞ্চগড় বিজিবি।
চোরাচালান রোধের অংশ হিসেবে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সৌজন্যে বিজিবি কর্তৃক পূর্বের ন্যায় ভবিষ্যতেও সীমান্তবর্তী অসহায়, দুস্থ ও হতদরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে থেকে সেলাই মেশিন, গবাদি পশু এবং রিক্সা বা ভ্যান প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
দেশব্যাপী বিরাজমান এই করোনা পরিস্থিতি ছাড়াও যে কোন দূর্যোগপূর্ণ পরিস্থিতি ও মহামারীতে বিজিবি সর্বদা প্রথম সারিতে অবস্থান করে দেশের সকল স্তরের বিশেষ করে সীমান্তবর্তী জেলাসমূহের দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে মর্মে অধিনায়ক দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বার্তাবাজার/এমকে