চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আধুনগর এনআরবি গ্লোবাল ব্যাংকের পেছনে ঘাটিয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজার জেলার পেকুয়া মগনামা শরৎঘোনা ১ নং ওয়ার্ড এলাকার বাদশা মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৩৭) ও মেয়ে ময়না আক্তার (১৩)। তারা বাইতুন নূর পাড়ায় ভাড়াটিয়া থাকতেন।
এলাকাবাসী জানায়, ঘটনার আগের দিন সবার অজান্তে মেয়েটি শাক তুলার জন্য পার্শ্ববর্তী ডোবায় যায়। সেখানে বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। মা তাদের মেয়েকে বাসায় দেখতে না পেয়ে রাতে ডোবার পাশে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাসায় ফিরে আসেন। পরের দিন সকালে আবারও মেয়েটির মা ডুবায় খোঁজতে গিয়ে মেয়ের নিতর দেহ পড়ে থাকতে দেখে দৌড়ে এগিয়ে গেলে তাৎক্ষণিক তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেন।
তারা আরও জানান, আধুনগরের ফার্নিচার ব্যবসায়ী হেলাল উদ্দিন শাহ্ জব্বারিয়া ফার্নিচার মার্টের স্বত্বাধিকারী আখতার হোসেন থেকে ভাড়া নিয়ে “মক্কা এন্টারপ্রাইজ” নামে একটি ফার্নিচার দোকান করতেন। তিনি তার বাসায় থেকে পাশ্ববর্তী দোকানে বিদ্যুতের সাইট কানেকশন চালাতেন। তার ছেঁড়ে ডোবায় গিয়ে পড়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
এদিকে, লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. সারওয়ার জাহান বলেন, বিদ্যুতের অবৈধ সাইট কানেকশনের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমরা দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তাদের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
বার্তাবাজার/এমকে