করোনা থেকে সুস্থ হয়ে রানিং করোনা রোগীদের চিকিৎসার সহযোগিতার জন্য এগিয়ে আসলেন মুন্সীগঞ্জ পুলিশ। সুস্থ করোনা রোগীদের প্লাজমার মাধ্যমে চিকিৎসা সহায়তার জন্য তাঁরা প্লাজমা দান করেন।
আজ মঙ্গলবার প্লাজমা ডোনেট করতে মুন্সীগঞ্জ পুলিশের ৪০ জন সদস্য ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে গিয়েছেন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টায় একটি বাসে করে জেলা পুলিশ লাইন্স থেকে রওনা করেন তাঁরা।
জানা যায়, মুন্সীগঞ্জ জেলার ১৫৬ জন পুলিশ সদস্য এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন এবং সুস্থ হয়েছেন ১৪৮ জন সদস্য। সুস্থ হওয়াদের মধ্যে ৪০ সদস্যকে প্লাজমা ডোনেট করতে আজ ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার (১৯ আগস্ট) আরও ৫০ থেকে ৬০ জন পুলিশ সদস্যকে ঢাকায় পাঠানো হবে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান বার্তা বাজারকে জানান, সঠিক চিকিৎসা ও পরিচর্যার ফলে দ্রুত সুস্থ হয়ে ওঠা করোনাবিজয়ী ৪০ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগের উদ্দেশে রওনা হয়েছে। সারাদেশে করোনা আক্তান্ত গুরুতর রোগীরা যেন দ্রুত ও সহজে প্লাজমা পায় তার জন্য মুন্সীগঞ্জ জেলা পুলিশের এই উদ্যোগ।
করোনা ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে মুন্সীগঞ্জে করোনা শুরু হওয়ার পর থেকেই জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছে।
বার্তাবাজার/এমকে