অনির্ধারিত সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা

এক অনির্ধারিত সফরে ঢাকায় এলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি বিমানে তিনি কুর্মিটোলা বিমানবন্দরে অবতরণ করেন।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রে জানা যায়, দুই দেশের সম্পর্ক জোরদারে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘একটি বিশেষ বার্তা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে আকস্মিক এই সফরে এসেছেন।

তারা জানিয়েছে, হঠাৎ করেই সংক্ষিপ্ত এ সফর নির্ধারিত হয়েছে। তবে করোনার সংক্রমণের মধ্যে তার এ অনির্ধারিত সফর নিয়ে সূত্রগুলো কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হর্ষবর্ধন শ্রিংলা সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

এ সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর