মাগুরায় কলেজ ছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা, গ্রেফতার ৫

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের কেড়িনগর গ্রামে আঁখি খাতুন (২০) নামের এক কলেজ ছাত্রীকে হাত-পা বেঁধে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামী ও স্বামীর স্বজনদের বিরুদ্ধে। এই ঘটনায় আজ ১৭ আগস্ট সোমবার বিকেলে মামলা হয়েছে। পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।

অগ্নিদগ্ধ আঁখি খাতুনকে মুমূর্ষূ অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতাল, ফরিদপুর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। গত ১৫ আগস্ট সন্ধ্যায় বসত ঘর থেকে ১০গজ দূরে সৌচাগারের সামনে থেকে আঁখিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে তার বাড়ির লোকজন। তবে আঁখি খাতুনের সাবেক স্বামী নাজমুল মোল্যার দাদি ও চাচি ঘটনাটি আত্মহত্যার চেষ্টা বলে দাবি করেছেন।

জানা গেছে, মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের কেড়িনগর গ্রামের আকরাম মোল্যার মেয়ে আঁখি খাতুন ও প্রতিবেশি মাসুদ রানা মোল্যার ছেলে নাজমুল স্থানীয় একই স্কুলে পড়ার সময় প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুই বছর আগে তারা পরিবারকে না জানিয়ে নিজেরা বিয়ে করে। ছয়মাস সংসার করার পর আঁখি নাজমুলের মধ্যে বিচ্ছেদ হয়।

সম্প্রতি উভয়ের মধ্যে আবার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। নাজমুল আঁখিকে বিয়ে করার জন্য তার পরিবারকে নানাভাবে চাপ দিতে থাকে। ছেলের মামা একই গ্রামের অধিবাসী বাবুল মোল্যা ও মুকুল মোল্যা বিয়ের প্রস্তাব নিয়ে মেয়ের বাবার বাড়িতে একাধিকবার আসলেও তা প্রত্যাখ্যান করেন। ঘটনার দুইদিন আগে নাজমুলের বাড়িতে উভয়পক্ষের গ্রাম্য মাতবর দবির মোল্যা ও রফিক কাজীর নেতৃত্বে বৈঠক বসে। বৈঠকে আঁখির পরিবারকে বিয়ে দেওয়ার জন্য বলা হয়। আঁখির বাবা আকরাম মোল্যা বিয়ে দিতে অপারগতা প্রকাশ করেন। অগ্নিদগ্ধ হওয়ার আগের রাতে সাবেক স্বামী নাজমুল তার নিকটাত্মীয় ও বন্ধুসহ ৫/৬ জন আঁখির বাড়িতে বিয়ে প্রস্তাব নিয়ে এসে ব্যর্থ হয়ে ফিরে যায়।

আখিঁর চাচি শারমিন, নাসরিন, কাকা আনিচুর রহমান, চাচাতো ভাই নাসির মোল্যা জানান, বিয়ের প্রস্তাবে ব্যর্থ হয়ে বাড়ি থেকে যাওয়ার সময় বিয়ে না দিলে আত্মহত্যা করবে এবং দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যায় বলে তারা জানায়।

আঁখির দাদা রতন মোল্যা (৭০) জানান, ১৫ আগস্ট সন্ধ্যা পৌনে সাতটার দিকে আঁখির ঘরের আনুমানিক ১০ গজ দূরে সৌচাগারের সামনে আগুন ও চিৎকার শুনে এগিয়ে যান। তিনি তখন ঘরের বারান্দায় বসে ছিলেন। গিয়ে দেখেন নাতী আঁখির গায়ে আগুন জলছে। জ্বালানি তেলের বিকট গন্ধ বের হচ্ছে। নিজের ওড়না দিয়ে সৌচাগারের বাঁশের খুটির সাথে আঁখির হাত পা বাধা দেখতে পান বলে জানান।

প্রতিবেশি আরও ৪/৫ জনের সহায়তায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে এনে আঁখিকে উদ্ধার করে ঘরের বারান্দায় নিয়ে আসেন।গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতাল তারপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
ঢামেকের বার্ণ ইউনিটে সাথে থাকা আঁখির মা নারগিস বেগম ফোনে বলেন, তার মেয়েকে (আঁখি) আবার বিয়ে করতে ব্যর্থ হয়ে সাবেক স্বামী নাজমুল ও তার স্বজনেরা হাত-পা বেধে গায়ে কেরাসিন দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে।

চিকিৎসকদের বরাতে আঁখির মা আরও জানান, আঁখির শরীরের ৯০ ভাগ আগুনে পুড়ে গেছে। তার অবস্থা এখন সংকটাপন্ন।

এ ঘটনায় আঁখির দাদা রতন মোল্যা বাদি হয়ে সাবেক স্বামী নাজমুল মোল্যাকে প্রধান আসামি করে সাত জনের নামে মহম্মদপুর থানায় একটি মামলা করেছেন। পুলিশ তালিকাভুক্ত ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েেছে। গ্রেফতারকৃতরা হলেন, কামরুল (৫০),মাসুদ (৪৫), হারেজ মোল্যা (৬২) আরিফ মোল্যা (২৬) ও বাবুল মোল্যা (৪৫)।

দাদা রতন মোল্যা জানান, আমার সামনেই আমার নাতীকে আমার সামনেই পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি আগুন নেভাতে গিয়ে আহত হয়েছি। তিনি এই ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন।

বাবুখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো: ইসমাইল হোসেন জানান, ঘটনাটি তার ওয়ার্ডে ঘটেছে। আঁখিকে আবার বিয়ে করার জন্য পরিবারকে নানাভাবে চাপ দিত তার সাবেক স্বামী নাজমুল। এ বিষয়টি নিষ্পত্তির জন্য আঁখির বাবা তার কাছে এসেছেন বলে জানান।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, এ ঘটনায় মালা হয়েছে। এজাহারভুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর