ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজ শিক্ষার্থী আশিক রানা নিহতের ঘটনায় উপজেলার বানা ইউনিয়নের কৃষকলীগের সভাপতি শরীফ হারুন অর রশীদসহ ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে নিহত ওই শিক্ষার্থীর চাচা উপজেলার বানা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় এ মামলাটি করেন। মামলা নং-২ (তাং ১৭.৮.২০২০ খ্রিঃ)।
পুলিশ এ মামলার ২নং আসামি নজরুল শরীফ (৪২), ৩নং আসামি সবুজ (২০) ও ৪নং আসামি মারিয়া খানম(১৫) কে গ্রেফতার করে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করেছেন।
আসামি গ্রেফতার ও জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, ‘বাকী আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশের প্রচেষ্টা ও তৎপরতা অব্যাহত থাকবে।’
প্রসঙ্গত, গত শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বানা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের শরীফ হারুন অর রশীদের দ্বিতল ভবনের নিচতলার একটি কক্ষ থেকে আলফাডাঙ্গা থানা পুলিশ ও সিআইডি যৌথভাবে আশিক রানা (১৬) নামে এক কিশোরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে। মৃত আশিক রানা একই গ্রামের সৌদি প্রবাসী আলমগীর হোসেন শেখের ছেলে। আশিক ফরিদপুর মুসলিম মিশনের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
বার্তা বাজার / ডি.এস