নান্দাইলে ইউনিয়ন পরিষদ ভবন স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মমনসিংহের নান্দাইলে চেয়ারম্যানের ইচ্ছায় ৬০ বছরের পুরোনো ইউনিয়ন পরিষদ ভবনকে তার নিজ গ্রামে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

আজ (সোমবার) বিকালে উপজেলার গাংগাইল ইউনিয়ন পরিষদের পুরোনো ভবনের সামনে মানববন্ধন শেষে পাশের বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, ১৯৬১ সাল থেকে ইউনিয়নের বিয়ারা গ্রামে ইউনিয়ন পরিষদ ভবনে সকল কার্যক্রম চলে আসছিল। সম্প্রতি বর্তমান চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন ‘বিয়ারা গ্রামে ইউনিয়ন পরিষদের জায়গার সংকটের’ অযুহাত দেখিয়ে নিজ গ্রাম সুরাশ্রমে ভবন স্থানান্তরের চেষ্টা চালায়। কৌশলে পরিত্যাক্ত ঘোষণা করেন বর্তমান ভবন কে। এমনকি জলহরি গ্রামে একটি দোকানঘরে চালান ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়। একইসাথে বিভিন্ন উপায়ে প্রশাসনের কতিপয় ব্যক্তিকে হাত করে একটা সুপারিশপত্রও তিনি সংগ্রহ করেন।

মানববন্ধনের আংশিক চিত্র

কিন্তু ইউনিয়নের বেশিরভাগ এলাকার মানুষের সাথে বিয়ারা গ্রামের যোগাযোগ ভাল বলে তা মেনে নেয়নি জনগণ। চেয়ারম্যানের এমন প্রচেষ্টায় ফুঁসে উঠেন তারা। ইউনিয়নের মোট ৯টি ওয়ার্রডের মাঝে ৬টি ওয়ার্রডের বাসিন্দারাই চান বিয়ারা গ্রামে এই ইউনিয়ন পরিষদ ভবন হোক। এমনকি বিয়ারা গ্রামে আরও জায়গাও দেয়া হয়েছে ভবন নির্মানের জন্য।

মানববন্ধন শেষে স্বাস্থ্যবিধি মেনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নান্দাইল চৌরাস্তা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই।

সমাবেশে দেয়া বক্তব্যে নান্দাইল উপজেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান নয়ন বলেন, জনগনের স্বার্থের চেয়ে কখনই ব্যাক্তি স্বার্থ বড় হতে পারে না। ইউনিয়নের বেশিরভাগ জনগন চায় বিয়ারা গ্রামেই ইউনিয়ন পরিষদ ভবন হোক। মুষ্টিমেয় লোকের দুর্বল ইচ্ছাকে পুঁজি করে চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকনের এই অপচেষ্টা রুখে দেয়ার জন্য
আমাদের জনগনই যথেষ্ট।

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন শ্রমিকলীগের আহ্বায়ক হাবিবুর রহমান সেতু, ইউপি সদস্য বজলুর রহমান, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ ভুইয়া, বিএনপি নেতা ও সমাজসেবক আলী আসলাম ভুইয়া, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ফরিদ উদ্দিন, সাবেক ইউপি সদস্য ফরীদ আহমেদ, রিপন মাস্টার ও সমাজবেসক মোতালিব হোসেন প্রমূখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর