পাবনা মানসিক হাসপাতালে আট দালালের দণ্ড

পাবনার হেমায়েতপুর মানসিক হাসপাতালে ৮ দালালকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার র‌্যাব-১২ এর ভ্রাম্যমাণ আদালতে তাদের দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাবনার হেমায়েতপুরের শহিদুল মালিথার ছেলে মোঃ সোহেল মালিথা (৩৫), হাবিব মন্ডলের ছেলে নায়েব আলী (৩০), মোফাজ্জল সরদারের ছেলে মোঃ বকুল সরদার (৩৫), রহিম মন্ডলের ছেলে হাবিব মন্ডল (৬০), ইসহাক আলীর ছেলে মোঃ সোহেল, মৃত পাঞ্জু মোল্লার ছেলে মোঃ আহাদ মোল্লা দোয়েল (২০), মৃত আব্দুল করিমের ছেলে মোঃ ইয়াছিন আলী (৫২) ও আব্দুল হাকিমের ছেলে মোঃ আলামিন (২৮)।

এদের মধ্যে ইয়াছিন আলীকে ৫০০ টাকা ও আলামিনকে ১হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের ৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, র‌্যাব ১২ এর পাবনা ক্যাম্পের একটি দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্নী ইসলামসহ পাবনার হেমায়েতপুর মানসিক হাসপাতালে অভিযান পরিচালনা করে আট দালালকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে। পরে তাদের পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা বিভিন্ন সেবা গ্রহীতাকে মিথ্যা তথ্য প্রদান করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল বলে জানায় র‌্যাব।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর