করোনা আক্রান্ত নার্স দিয়ে চিকিৎসা চালাচ্ছে হাসপাতাল!

করোনাকালেও লালমনিরহাট সদর হাসপাতালে কর্তৃপক্ষের নেই কোন সচেতনতা। কর্তৃপক্ষের অসচেতনতায় করোনা ঝুঁকিতে পড়েছেন হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের আত্মীয়-স্বজনেরা। হাসপাতালে করোনা আক্রান্ত নার্স আইসোলেশনে থাকার কথা থাকলেও কর্তৃপক্ষের নির্দেশে পালন করছেন ওয়ার্ডের দায়িত্ব।

শিশু ওয়ার্ডের সিনিয়র সহকারী নার্স শারমিন আফরোজের জ্বর ও কাশি থাকায় গত ২৬ জুলাই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। রিপোর্ট না আসা পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল শারমিন আফরোজের। কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও শিশু ওয়ার্ডে তিনি ডিউটি করছেন।

গত ২ আগস্টে তার রিপোর্ট আসে করোনা পজিটিভ। রিপোর্ট পজিটিভ হওয়ায় তিনি হোম আইসোলেশনে থাকেন। কিন্তু লালমনিরহাট সদর হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুস্থ হওয়ার আগেই শারমিন ডিউটিতে যোগ দিতে হয়েছে। তাকে গত ৯ আগস্ট থেকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ডিউটি করতে হচ্ছে।

এছাড়াও, হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ করোনা আক্রান্ত রোগীকে যে মেশিন দিয়ে প্রেসার মাপা হয়, সে একই মেশিন দিয়ে সাধারণ রোগীকেও প্রেসার মাপছেন। এমনকি সবার হাত ধোয়ার জন্য হাসপাতালের প্রবেশ পথে নাম মাত্র খালি পানির ড্রাম থাকলেও নেই সেখানে সাবান ও পানির ব্যবস্থা।

হাসপাতালের এক নারী রোগী জানান, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. শংকর কুমার সাহার পরামর্শে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে প্রেসার মাপতে যান তিনি। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন, করোনা আক্রান্ত রোগীদের প্রেসার মাপার পর, সে মেশিন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার না করে সাধারণ রোগীদের আবার ওই মেশিন দিয়ে প্রেসার মাপা হচ্ছে। এতে করে তার মতো সাধারণ আরো অনেক রোগীর করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।

শিশু ওয়ার্ডের সিনিয়র সহকারী নার্স শারমিন আফরোজ জানান, তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার এ কথা জানান। তিনি সুস্থ নন জানার পরেও কর্তৃপক্ষ তাকে ডিউটিতে আসতে বাধ্য করেছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম জানান, যদি করোনা পজিটিভ কেউ ডিউটি করে থাকে, সে বিষয়টি তার জানা নেই। করোনা পজিটিভ এমন কোনো নার্স কোনো ওয়ার্ডেই ডিউটি করতে পারবে না।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলদু রায় জানান, কেউ যদি অসুস্থ থাকে, তাকে কানোভাবেই ডিউটিতে দেয়া যাবে না। করোনা নমুনা দেয়ার পর বা রিপোর্টে পজিটিভ আসার পর যদি কেউ কর্মস্থানে যোগদান করে এটা তার অজ্ঞতা।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর