নিখোঁজের দুই দিন পর এক গৃহবধূ ও তার দেড় বছর বয়সী ভাতিজির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকালে শহরের বিলাসদীর আল্লাহ চত্বর এলাকায় রেললাইনের পাশের একটি ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- শহরের বিলাসদী আল্লাহ চত্বর এলাকার মাসুদ মিয়ার স্ত্রী সেলিনা বেগম (৪০) ও জহিরুল ইসলামের মেয়ে হাফসা আক্তার।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে নিহত সেলিনা দেবরের মেয়ে হাফসাকে কোলে নিয়ে হাঁটতে বের হন। এরপর তারা আর না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করে। পরে তাদের খোঁজ না পেয়ে শুক্রবার রাতেই সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
রোববার দুপুরে বাড়ি থেকে ৪০০ গজ দূরের একটি ডোবায় কচুরিপানার ভেতর লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সেলিনা মৃগী রোগে আক্রান্ত ছিলেন। প্রতিদিন সকালে তিনি হাঁটতে বের হতেন। হাঁটতে বের হয়ে তিনি রেললাইন, ডোবা বা পুকুর থেকে বিভিন্ন ধরনের শাক-লতাপাতা সংগ্রহ করে আনতেন।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, ওই নারী ও শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বার্তা বাজার / ডি.এস