সরকারি ওষুধসহ ভোলায় নার্স আটক

ভোলায় বিক্রির উদ্দেশ্যে সরকারি ওষুধ চুরির অপরাধে এক নার্সকে আটক করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অবৈধভাবে ওষুধ বিক্রির উদ্দেশ্যে নেয়ার পথে স্থানীয়রা তাকে আটক করেন।

আটক ওই নার্সের নাম তৃপ্তি রানী রায় (৩৫)। তিনি বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয়রা জানান, তৃপ্তি রানী রায় দীর্ঘ দিন ধরে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত থাকায় স্থানীয়দের সাথে সর্ম্পক তৈরি হয়েছে। এ সুবাদে তিনি বিভিন্ন সময় হাসপাতাল থেকে অবৈধভাবে ওষুধ নিয়ে বাইরে বিক্রি করে আসছিলেন। রোববার দুপুরে হাসপাতালের বহির্বিভাগের ফার্মেসি থেকে অবৈধভাবে ৪৮ পাতা ওষুধ বিক্রি করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথে স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে তাকে এত ওষুধ কোথায় ও কেন নিয়ে যাচ্ছে প্রশ্ন করলে কোনো উত্তর না দিয়ে দ্রুত আবার হাসপাতালে চলে যান। পরে স্থানীয়রা পিছু পিছু হাসপাতালের ওই কক্ষে ছুটে যান। এ সময় স্থানীয় সাংবাদকর্মীদের মাধ্যমে তার হাত ও নার্সের পোশাকের পকেট থেকে ৪৮ পাতা ওষুধ জব্দ করা করে স্থানীয়রা।

তবে এসব ওষুধ তার আত্মীয়-স্বজনদের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করেছেন অভিযুক্ত নার্স তৃপ্তি রানী রায়। তিনি মাঝে মাঝে এসব নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপতি চৌধুরী জানান, বিষয়টি আমি লোকের মুখে শুনেছি। তিনি যদি ওষুধ নিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হবে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুর রহমান জানান, বিষয়টি আমি শোনার সাথে সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপতি চৌধুরীকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশে দিয়েছি।

এবিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ আলী জানান, এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া একজন রোগী বা নার্স একসঙ্গে ৪৮ পাতা ওষুধ নিয়ে নিতে পারেন কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিতে পারেন না।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর