ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আবারও জেরুজালেমের রাস্তায় বিক্ষোভ শুরু করেছে দেশটির হাজার হাজার মানুষ। দুর্নীতি ও করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে প্রায় আট সপ্তাহ ধরে আন্দোলন চলছে দেশটিতে।
ইসরায়েলের স্থানীয় সময় শনিবার রাতে ও রোববার দিনের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়ে। গণমাধ্যমে প্রচারিত ছবিতে পুলিশকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে টেনে-হিঁচড়ে নিয়ে যেতেও দেখা যায়।
স্থানীয় হারেৎজ পত্রিকার তথ্যমতে, শনিবার নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছেন অন্তত ৫০ হাজার মানুষ।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। তিনি আন্দোলনকারীদের বামপন্থী ও অরাজকতা সৃষ্টিকারী আখ্যা দেন। এছাড়া বিক্ষোভকারীদের খবর বেশি বেশি প্রচার করে গণমাধ্যমগুলো তাদের উস্কানি দিচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
বিভিন্ন অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা চলমান থাকলেও তিনি এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করছেন।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের কুটনৈতিক সম্পর্ক জোরদার হওয়ায় কিছুটা হালে পানি পেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে তার ওপর এখনও করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ রয়েছে। ইসরায়েলে এ পর্যন্ত ৯২ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অন্তত ৬৭০ জন।
বার্তা বাজার / ডি.এস