সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের মেহেরনগর এলাকায় যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ আগস্ট) বিকেলে এই দন্ডাদেশ দিয়েছেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের মেহেরনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এ সময় যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে পাবনার ফরিদপুর উপজেলার মো. আব্দুল আলীম নামে এক বালু ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও পেশকার মো. হাফিজ উদ্দিন।
কেএস/বার্তাবাজার