বাবা মায়ের কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু সাগর

ভাই আমি বাড়ি যেতে চাই। আমার নাম সাগর হোসেন। আমার বাড়ি শঠিবাড়ি। গ্রাম দূর্গাপুর। বাবার নাম সুজা। রবিবার দুপুরে বগুড়ার মোকামতলা বাস স্ট্যান্ডে এভাবেই এক ভ্যান চালকের কাছে মা বাবার কোলে ফেরার আকুতি জানিয়েছিলো ৮ বছরের শিশু সাগর।

সাগরকে দেখে মায়া হয় ভ্যান চালক রাসেদুলের। বাড়ি নিয়ে এসে খাবার খাওয়ানোর পর শফিকুল ইসলাম নামের এক যুবকের সহায়তায় মহনা টিভির সাংবাদিক আতিক রহমান ও মানবজমিনের সাংবাদিক খালিদ হাসানকে তার সম্পর্কে জানালে তাকে নিয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে যান তারা। বাবা মায়ের ফোন নম্বর না থাকায় প্রাথমিকভাবে বিড়ম্বনার শিকার হলেও পরে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চন্দ্র সরকার ও রংপুরের মিঠাপুকুর থানা পুলিশের মাধ্যমে মাত্র আধা ঘন্টার মধ্য সন্ধান মেলে শিশু সাগরের বাবা মা’র।

পরে তার বাবা,দুলা ভাই ও শিক্ষক মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে আসলে তাদের হাতে তুলে দেয়া হয় শিশু সাগরকে। এসময় শিশুর বাবা সিজু আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, তার সন্তান গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। বাড়ি থেকে গোবিন্দগঞ্জ আসতে পথ ভুলে মোকামতলায় আসে সে।

এ ব্যাপারে তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চন্দ্র জানান, সাংবাদিক খালিদ হাসান ও আতিক রহমানের মাধ্যমে শিশুটির সম্পর্কে জানতে পেরে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। এরপর অভিভাবকের সাথে যোগাযোগ করে তাদের হাতে শিশুটিকে তুলে দেয়া হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর