ফ্ল্যাটের তালা ভেঙে আগুন থেকে শিশু সালমানকে উদ্ধার

রোববার (১৬ আগস্ট) দুপুরে সিলেট হবিগঞ্জ জেলা শহরের একটি ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে থাকে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ সদস্যরা ও ফায়ার সার্ভিসের দুটি দল। মোতালিব প্লাজার তৃতীয় তলার ফ্ল্যাটের তালা ভেঙে সালমান মিয়া নামের এক শিশুকে উদ্ধার করা হয়। নেভানো হয় আগুন। প্রাণে রক্ষা পায় শিশু সালমান মিয়া।

স্থানীয় বাসিন্দারা জানান, তৃতীয় তলার এই ফ্ল্যাটে সাগর মিয়া, তার মা ও ১০ বছরের ছোট ভাই সালমানকে নিয়ে ভাড়া থাকেন । সকালে ব্যবসার কাজে বেরিয়ে যান সাগর। কিছুক্ষণ পর শিশু সালমানকে ফ্ল্যাটে তালাবদ্ধ রেখে বাইরে যান তার মা।

একাকী ফ্ল্যাটে মোবাইলে গেমস খেলছিল শিশু সালমান। এক পর্যায়ে শিশু সালমানের ক্ষুধা পেলে সে কিচেনে গিয়ে হাড়িতে চাল বসিয়ে গ্যাসের চুলায় আগুন দেয়। এরপর গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে। পাতিলটি আগুনে পুড়ে রান্নাঘরের কয়েকটি আসবাবপত্রে আগুন ধরে যায়। ভবন থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেয়।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান,ফায়ার সার্ভিসের কর্মীরা সময় মতো পৌঁছে সালমানকে উদ্ধার এবং আগুন নিভিয়ে ফেলে। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ভবনটি। অল্পের জন্য শিশুটি প্রাণে রক্ষা পেয়েছে। পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

তিনি অভিভাবকদের আরও সচেতন হওয়ার অনুরোধ করেন এবং শিশুদের একাকী বাসায় না রেখে যাওয়ার পরামর্শ দেন।

বড় ভাই সাগর মিয়া বলেন, ধোঁয়ায় ঘুম ভেঙে গেলে সালমান ভয় পেয়ে চিৎকার করতে থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে।

ভবনের কেয়ারটেকার সুরুজ মিয়া জানান, পাঁচতলা ভবনের নিচতলায় মার্কেট। সেখানে রয়েছে বিভিন্ন দোকানপাট। ধোঁয়া দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর