২২ বছর বন্দী জীবনের পর রোববার (১৬ আগস্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন শাহজাদপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আমির হোসেন সবুজ।
সাবেক এই ছাত্রনেতা কারাগার থেকে মুক্তির পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে বরণ করে নেন। দীর্ঘ সময় কারাভোগ করার পর কারাগার থেকে বের হয়ে স্বজনদের সাথে মিলিত হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় তাঁর চোখে মুখে ছিল আনন্দের ছোঁয়া।
পরে নিজ জন্মভূমি শাহজাদপুরে গিয়ে পৌছালে তাকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। সদ্য মুক্তিপ্রাপ্ত সাবেক ছাত্রনেতা আমির হোসেন সবুজ বলেন, এত বছর পার হয়ে গেছে। আমি বাঁচবই আর কত বছর। এখন পরিবার নিয়ে সময় কাটাব। ভাগ্যের নির্মম পরিহাসে ২২ বছর আমাকে কারাভোগ করতে হলো। তার পরেও আমার জন্মভূমি শাহজাদপুরের পবিত্র মাটিতে ফিরে আসতে পেরেছি, তাতেই আমার জীবন ধন্য।
এ সময় তিনি যুবকদের উদ্দ্যেশে বলেন, আপনারা মাদক হতে দূরে থাকুন, মাদককে পরিহার করুন, সুস্থ থাকুন এবং আপনার পরিবার পরিজনকে ভাল রাখুন।
বার্তা বাজার / ডি.এস