কৃষকের কথা না ভেবে খালেদা জিয়া ব্যস্ত ছিলেন সাজগোজ নিয়ে: মতিয়া

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়া কৃষকের কথা চিন্তা না করে শুধু সাজগোজ নিয়েই ব্যস্ত ছিলেন। বিএনপি জোট সরকার কৃষির উন্নয়নে কোনো কাজ করেননি। ওই সরকার কৃষিকে ধ্বংস করে দিতে চেয়েছিল। বিএনপি সরকারকে অভিযুক্ত করে তিনি বলেন, কৃষির ১২টা বাজিয়ে বিএডিসিকেও বিক্রি করে দিতে চেয়েছিল খালেদা জিয়ার বিএনপি।

আজ (রোববার) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, বিএনপি আমলে কৃষকরা ডিএপি সারের নাম শুনেনি। অথচ, শেখ হাসিনার সরকার সকল প্রকার সার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করছেন। দেশের এক ইঞ্চি জায়গা যেন খালি পড়ে না থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯১ সালে বলেছিলেন বাংলার কৃষককে বাঁচাতে হবে। আজ সেই বাংলা ও কৃষককে তিনি বাঁচিয়েছেন। আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছি, আমাদের উৎপাদিত শস্য বিদেশেও রপ্তানি হয়। পাশাপাশি কৃষিতে বিজ্ঞানের ছোঁয়াও এই সরকার দিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর