কোম্পানীগঞ্জে নদীতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজারে বেড়াতে এসে নদীতে জোয়ারের পানিতে ডুবে গিয়ে নিখোঁজ আনোয়ার ও মেহেদীর লাশ উদ্ধার করা হয়েছে। এরআগে নিখোঁজ তিন জনের মধ্যে নজরুল ইসলাম স্বপন নামের আরো একজনের লাশ শনিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছিল। ঘটনায় আর কেউ নিখোঁজ নেই।

রবিবার সকাল ৮টা ও সাড়ে ১১টার দিকে ছোট ফেনী নদী থেকে ভাসমান অবস্থায় লাশ দু’টি উদ্ধার করে স্থানীয় লোকজন। তারা হলেন, ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার দেবরামপুর গ্রামের জয়নাল আবদীনের ছেলে নজরুল ইসলাম স্বপন, একই গ্রামের হাবিব উল্যাহর ছেলে ওমান প্রবাসী আনোয়ার হোসেন ও শাহ আলমের ছেলে মেহেদী হাসান।

জানা গেছে, দেবরামপুর গ্রামের ২৫-২৬জনের একটি দল শনিবার সকালে মুছাপুর ক্লোজারে বেড়াতে আসে। এদের মধ্যে ৭ জন শখের বসে ছোট ফেনী নদীতে জাল দিয়ে মাছ শিকার করতে নামে। হঠাৎ নদীতে ভাটার পর জোয়ার আসলে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে তারা। এসময় ৭জনের মধ্যে ৪ জন সাতার কেটে তীরে উঠে আসলেও বাকি ৩ জন নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও স্থানীয়রা শনিবার সন্ধ্যায় নিখোঁজদের মধ্যে নজরুল ইসলাম স্বপনের লাশ উদ্ধার করলেও আনোয়ার ও মেহেদী নিখোঁজ ছিল। পরবর্তীতে রবিবার সকালে ছোট ফেনী নদীর পৃথক স্থান থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ তিন জনের মধ্যে একজনের লাশ শনিবার ও অপর দুই জনের লাশ রবিবার সকালে উদ্ধার করা হয়েছে। ঘটনায় আর কোন ব্যক্তি নিখোঁজ নেই।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর