বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী স্মরণে ইবিতে বৃক্ষরোপণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী স্মরণে এবং জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৫ আগষ্ট) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও নির্বাচিত বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এবং ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন কমিটির তত্ত্বাবধানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা তার সাথে ছিলেন।

জানা যায়, এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কালো পতাকা উত্তোলন, মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিসৌধ সংলগ্ন রাস্তার দু’ধারে এবং মুক্ত বাংলার পাশে সৌন্দর্য বর্ধনকারী বিরল প্রজাতির শতাধিক বোতল ব্রাশ বৃক্ষ রোপণ করা হয়। এছাড়াও মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল, শহীদ মিনার ও স্মৃতিসৌধের পেছনে প্রায় ১০০ টি উইপিং দেবদারু গাছের চারাও রোপণ করা হয়।

এবিষয়ে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ১ কোটি গাছের চারা রোপণ কর্মসূচি তারই অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ই আগষ্টের সকল শহীদের স্মরণে আমরা এ বিরল প্রজাতির বৃক্ষরোপণ করেছি। যার সৌন্দর্য প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত উপভোগ করবে এবং সেই সাথে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। পাশাপাশি আমরা সৌন্দর্য বর্ধন কমিটির পক্ষ থেকেও প্রায় ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি যা একেবারে শেষের পথে। এছাড়াও তিনি জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ও ১৫ ই আগষ্টের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন কমিটির আহবায়ক ও মার্কেটিং বিভাগের সভাপতি এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান, সাবেক প্রক্টর এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, ভারপ্রাপ্ত (রেজিস্ট্রার) এসএম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, নির্বাচিত বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. আবু হেনা মোস্তফা জামাল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর