গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দুই শতাধিক মানুষ নিহত হয়। এঘটনার তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) একটি দল চলতি সপ্তাহেই সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
বিস্ফোরণের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন রাজনৈতিক ঘটনা বিষয়ক মার্কিন আন্ডার-সেক্রেটারি ডেভিড হেল। বৈরুতে কীভাবে বিস্ফোরণ ঘটল তা জানতে এফবিআই তদন্ত করবে বলে জানান তিনি।
ডেভিড হেল বলেন, ‘আমাদের অবশ্যই একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে হবে। আমি জানি, এখন এটাই সবার দাবি।’
লেবানিজ কর্তৃপক্ষের নেতৃত্বে বৈরুতে বিস্ফোরণের ঘটনা তদন্তে অংশ নিচ্ছেন ফরাসী তদন্তকারীরাও।
বৈরুত বন্দরের গুদামে থাকা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটে কীভাবে আগুন লেগেছিল তা এখনও নিশ্চিত নয়। বিপজ্জনক এ রাসায়নিকই সেদিনের ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জানা গেছে, বন্দরে প্রায় সাত বছর ধরে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট মজুত থাকার কথা লেবাননের শীর্ষ নেতা ও নিরাপত্তা কর্মকর্তারা জানলেও সেগুলো সরিয়ে নেয়া বা যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি।
লেবানিজদের একটি বড় অংশই বিস্ফোরণের ঘটনা তদন্তের দায়িত্ব নিজ দেশের কর্তৃপক্ষের হাতে দিতে আপত্তি জানিয়েছেন। দেশটির দুর্নীতিপ্রবণ প্রশাসন এর তদন্ত করলে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করবে, এমনিই আশঙ্কা লেবানিজদের।
তবে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনসহ শীর্ষ কর্মকর্তারা স্বাধীন তদন্তের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে, এটি নিয়ে রাজনীতি করা হবে এবং এতে শুধু সময়ই নষ্ট হবে। -আল জাজিরা
বার্তা বাজার / ডি.এস