পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার করতোয়া নদীতে গোসল করতে নেমে সৌরভ হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার বিকেলে দেবীগঞ্জ পৌর এলাকার করতোয়া নদীর পশ্চিম তীরে সোনাপোতা এলাকায় তার বন্ধুরা সহ গোসল করতে নেমে এ দূর্ঘটনার শিকার হয় সে।
সৌরভ দেবীগঞ্জ পৌর এলাকার মিস্ত্রি পাড়ার বালু ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবুর ছেলে এবং দেবীগঞ্জ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সৌরভসহ তার ৫-৬ জন বন্ধু করতোয়া নদীতে গোসল করতে নামে। এ সময় তার সাথে আরও ৩-৪ বন্ধু নদীর স্রোতের কারণে পানিতে হাবুডুবু খেতে থাকে। তারা কোনক্রমে তীরে উঠে এলেও সৌরভকে নদীর ধারে আনতে পারেনি তারা।
পরে পরিবারের সদস্যরা দেবীগঞ্জ থানা পুলিশে খবর দিলে তারা ডোমার ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যর এসে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে কিন্তু তাদের কোন ডুবুরি না থাকায় ও নদীর স্রোত এবং অভিযান কষ্টসাধ্য হওয়ায় রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসে খবর দিলে সেখান হতে ডুবুরী এসে সন্ধা ৭ টায় উদ্ধার কাজ আবার শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কলেজ ছাত্র সৌরভকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এঘটনায় নিখোঁজ সৌরভের দুই বন্ধু ওয়াসিদ ও পিয়ুস গুরুতর অসুস্থ হয়ে দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে তাদের শারিরীক অবস্থার ভাল না থাকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের রেফার্ড করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হাসান সরকার এক কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান চলছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা।
বার্তা বাজার / ডি.এস