বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে ২০৭৫ বার কোরআন খতম

জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের সব জায়গায় দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। খুলনায় ২০৭৫ বার কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগরসহ নয়টি উপজেলার দুই শতাধিক মাদ্রাসায় প্রায় ৬ হাজার এতিম ও কোরআনে হাফেজ তালেবে এলেমের মাধ্যমে ২০৭৫ বার কোরআন খতম দেওয়া হয়।

বঙ্গবন্ধুর মৃত্যু সনের সাথে মিল রেখে ১৯৭৫ বার এবং ২০২০ সনটি জাতির পিতার জন্মশতবার্ষিকী হওয়ায়, শতক বা ১০০ বার অর্থাৎ সব মিলিয়ে (১৯৭৫+১০০) ২০৭৫ বার কোরআন শরিফ খতম ও দোয়ার আয়োজন করেন খুলনা জেলা প্রশাসক।

আজ(শনিবার) দুপুরে স্ব-স্ব মাদ্রাসায় হাফেজ ছাত্ররা স্বাস্থ্যবিধি অনুসরণ করে করোনাভাইরাস পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত দোয়া মাহফিল ও মোনাজাতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামালসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) কামাল হোসেন, খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, কেএমপির পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির এবং খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর