বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশের মত চট্টগ্রামেও পালিত হয়েছে নানান কর্মসূচী। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন চট্টগ্রামের সর্বস্তরের জনগণ। অর্ধনমিত রাখা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।
শনিবার (১৫ অগাস্ট) সকালে নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। এ সময় বিউগলের সুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি চৌকষ দল সশস্ত্র সালাম জানায়।
বিভাগীয় কমিশনার এবিএম আজাদের নেতৃত্বে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ।
এরপর চট্টগ্রামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সর্ব সাধারণের জন্য তা উন্মুক্ত করা হলে চট্টগ্রামের রাজনীতিক, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মীসহ নানান পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, অতিরিক্ত ডিআইজি, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন এবং পুলিশ সুপার এসএম রশিদুল হক। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
বার্তাবাজার/এমকে