কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

সারাদেশের মতো কুড়িগ্রাম জেলাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

দিবসটি উদযাপনে শনিবার সকালে জেলা আওয়ামীলীগ শাপলা মোড়স্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও শোক র‌্যালির আয়োজন করে। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর উদ্যোগে জেলায় এবার প্রথমবারের মতো শহরের ২৫ টি স্থানে জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণের কর্মসূচি নেয়া হয়েছে।

পরে সকাল ৯টায় কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামীলীগ, পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও পেশাজীবী সংগঠন।শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র আব্দুল জলিল প্রমুখ।

জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুলেল শ্রদ্ধার পর সকাল ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও মসজিদ-মন্দিরগুলোতে দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি, সঙ্গীত, শোক কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের কলেজমোড়স্থ শেখ রাসেল অডিটোরিয়ামে শনিবার বিকেলে পুরস্কার বিতরণ করার আয়োজন করা হয়েছে।

এদিকে, কুড়িগ্রাম পৌরসভার উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পথচারীদের মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়াও জেলাপরিষদ, পৌরসভা, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিএমএ, স্বাচিপ, বিডিএমএ, প্রচ্ছদ সহ বিভিন্ন পেশাজীবি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর